চট্টগ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন

ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত ঐ অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হযরত আলী ইয়াসিন (৪২) চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার দানু মিয়ার ছেলে।

মামলার এজাহারের ভিত্তিতে ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আমিন জানান, ২০১৬ সালের ২০ অক্টোবর দুপুরে ইয়াসিন তার প্রতিবেশীর মেয়েকে ধর্ষণ করে। ঐ শিশুর বাবা রিকশাচালক এবং মা গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটির বাবা বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট ৯ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করে। যুক্তিতর্ক শেষে আসামির অনুপস্থিতিতে গতকাল এ রায় দেন আদালত।