আলজাজিরার প্রতিবেদন অপপ্রচার ও নোংরা বহিঃপ্রকাশ :যুবলীগ

যুবলীগ নেতারা বলেছেন, লন্ডনে বসে বিএনপির নেতা তারেক রহমান ও ড. কামাল হোসেনের মেয়ের জামাতা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আলজাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। আলজাজিরা টেলিভিশনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন তারা। আলজাজিরা প্রকাশিত মিথ্যা ও বানোয়াট এই প্রতিবেদনের পিছনে বিএনপি নেতা তারেক রহমানের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন যুবলীগ নেতারা। গতকাল সোমবার বিকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

নেতারা জানান, মহামারি করোনার কারণে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি আওয়ামী যুবলীগ। এ জন্য আগামীকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। আলোচনাসভায় ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে সংগঠনের নেতাদের নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতারা।