কেবল লোকালয়ে নয়, ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের দক্ষিণ বাথুলী এলাকায় এবার অসহায় নিরীহ দরিদ্রদের বেশ কয়েকটি বসতবাড়ি ভেতরে ফেলে গড়ে উঠেছে বিবিসি-২ নামের এক ইটভাটা। আশপাশে রয়েছে আরও অনেক বসতবাড়ি, তিনটি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভাটার ইট ও মাটিবাহী ট্রাকের কারণে গ্রামের রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী, মুসল্লী ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
ফসলি জমি ও টপসয়েল বিনষ্ট, ফসল পুড়ে যাওয়া, কয়লার গুড়া, ধুলাবালিতে ঘরবাড়ি ও পরিবেশ দুষণ, অসুখ বিসুখ, শাকসবজি ও ফলমূল নষ্ট হওয়াসহ নানাবিধ অভিযোগ স্থানীয় জনৈক আক্তার হোসেনসহ এলাকাবাসীর।
ভাটার ভেতরে বাড়িগুলোতে বসবাসকারী দরিদ্র, নিরীহ ও অসহায় মানুষগুলো ভয়ে মুখ খুলতে নারাজ। তবে জনৈকা বয়স্ক নারী বলেন, বাবা আমরা গরিব মানুষ। কার কাছে কমু। আমাগো কষ্টের কথা কে শুনব? ভাটার ছাই ও ধুলাবালির জন্য আমরা বাড়িতে টিকতে পারিনা। কোন কিছু আবাদ কইরা খাইতে পারিনা।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, অনুমোদন দেয়া হয়েছে কিনা সেটা রেজিষ্টার দেখে বলা যাবে।
ইত্তেফাক/টিআর