নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে গুদামটিতে মজুদকৃত ৫ লাখ টুপি, ৫২ হাজার জায়নামাজ, ২৬ হাজার কার্পেট ও ১৬ হাজার ওয়ালমেট। রমজান মাসকে সামনে রেখে এই পণ্য সামগ্রীগুলো গুদামে মজুদ রাখা হয়েছিল
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তারাবো দিঘীরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আবুল কাশেম পাটোয়ারি জানান, আগামী রমজান মাসকে সামনে রেখে বিপুল পরিমাণ টুপি ও জায়নামাজসহ বিভিন্ন প্রকারের উৎপাদিত পণ্য গুদামে মজুদ করে রাখেন। গুদামটি তিনি ভাড়া নিয়ে নিজ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। সোমবার রাত দশটার দিকে দূর্বৃত্ত তার গোডাউনের পরিকল্পিতভাবে আগুন দিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে ফেলে। এর মধ্যে বেশীর ভাগই টুপি ও জায়নামাজ ছিল।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা স্টেশন থেকে দুইটি এবং আদম জী স্টেশন থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইত্তেফাক/এমএএম