কিশোরগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে সেলের ভেতর ঘুমন্ত অবস্থায় কাঠ দিয়ে মাথায় আঘাত করে এক বন্দিকে হত্যা ও আরেক বন্দিকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের ১১ নং বিশেষ সেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ জানায়, সাইদুর মিয়া নামে এক বন্দি সেলের টয়লেটের দরজার কাঠ খুলে উপর্যুপরি মাথায় আঘাত করে আব্দুল হাই (২৭) ও জাহাঙ্গীর (২৮) নামে দুই বন্দিকে গুরুতর আহত করে। তাদের মধ্যে আব্দুল হাইকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। এছাড়া আহত অপর বন্দি জাহাঙ্গীর কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক-ভাবে সেলের দায়িত্ব-রত কারারক্ষী খোকন মিয়াকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে আইজি প্রিজন ও জেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসসিএস