বিনোদন রিপোর্ট
এদেশে সঙ্গীতচর্চায় সুদীর্ঘদিনের সাফল্যের একটি সংগঠন বামবা। ১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)র। সেই থেকে শুরু, দীর্ঘ তিন দশক ধরে দেশের ব্যান্ড সঙ্গীতের একমাত্র এই সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্লাটফর্ম দেয়ার লক্ষ্যে। সেই ধারাবাহিকতায় এবারও অডিশনের মাধ্যমে নতুন ব্যান্ডদলকে অন্তর্ভূক্ত করা হচ্ছে। মূলত উঠতি ব্যান্ডদলগুলোর সকলেরই আকাঙ্খা থাকে বামবা’র সাথে নিজেদের সংযুক্ত রাখতে।
গত ৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচারে পার্কের ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ প্রাঙ্গণে এক আড়ম্বড়পূর্ণ আয়োজনে এই অডিশন অনুষ্ঠিত হয়। অডিশনে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আসা ১৭টি ব্যান্ডদল। অডিশনে বিচারকের হিসেবে ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, সহ-সভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)। কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জও এই আয়োজনে উপস্থিত ছিল। বিকাল ৪টা থেকে শুরু হয়ে এই অডিশন পর্ব। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। উল্লেখ্য, এর আগে বামবা নতুন বছরে ১৩ জানুয়ারী সারা বাংলাদেশ এর সকল ব্যান্ড এর মধ্য থেকে নতুন সদস্য ব্যান্ড অন্তর্ভুক্তির আমন্ত্রন জানায়। সেই আহ্বানে সারা দেশ থেকে ৮৫ টি জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য অন্তর্ভুক্তির আবেদন করে। এই ৮৫ ব্যান্ড থেকে ১৭ টি ব্যান্ডকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশনের প্রাঙ্গণে অডিশনের আহ্বান জানানো হয়। সেই ১৭ ব্যান্ড নিয়ে চলে সাড়ে চার ঘন্টার জ্যাম সেশন। এতে ১৭ টি ব্যান্ড তাদের নিজস্ব ধারার একটি করে গান পরিবেশন করে।