বড় পতনের পর সূচকে উল্লম্ফন

ইত্তেফাক রিপোর্ট

টানা দুই কার্যদিবস বড় পতনের পর গতকাল মঙ্গলবার উল্লম্ফন লক্ষ্য করা গেছে পুঁজিবাজারে। সবকটি মূল্যসূচক ও বাজার মূলধন বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিন ছিল সোমবার ৭৮৯ কোটি ৮০ লাখ টাকা। এ হিসেবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ১০৬ কোটি ৫০ লাখ টাকা। ডিএসইতে ৪৮ কার্যদিবসের মধ্যে গতকাল সর্বনিম্ন লেনদেন লক্ষ্য করা গেছে।

লেনদেনের শুরু থেকেই ব্যাংক, বিমা, প্রকৌশল, বস্ত্র, ওষুধ, আর্থিক খাতসহ প্রতিটি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির ১৬ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১৪৭ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে ৫৪৯৮ দশমিক ৫৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৬২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২০৮৬ দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১২৩৯ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লি., বেক্সিমকো ফার্মা, রবি অজিয়াটা, বিএটিবিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম সিমেন্ট, ইপিজিএল, স্কয়ার ফার্মা ও মীর আখতার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—অ্যাপোলো ইস্পাত, ডমিন এজ, ফু-ওয়াং সিরামিকস, মাইডাস ফাইন্যান্স, মীর আখতার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এওএল, সিএপিএম আইবিবিএল মি. ফা., ইপিজিএল ও শাইনপুকুর সিরামিকস। অন্যদিকে গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, সেন্ট্রাল ইনসিওরেন্স, এলআর গ্লোবাল মি. ফা-১, দেশ গার্মেন্ট, যমুনা ব্যাংক, ভিএএম এলআর বিবিএফ, ঢাকা ব্যাংক, স্কয়ার টেক্সটাইল ও ফার্মা এইড।

 এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯১৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৭ শতাংশ বেশি। সিএসইতে মঙ্গলবার ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৮ কোটি ১২ লাখ টাকা। লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।