দ্বীপ জেলা ভোলার সঙ্গে বিভাগীয় শহর বরিশাল ও রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ নেই। অপার সম্ভাবনাময় জেলা ভোলায় রয়েছে পর্যাপ্ত গ্যাস, যা বিদ্যুত্ উত্পাদনে ব্যবহূত হচ্ছে। নারিকেল, সুপারি, ধান ও মহিষের দইয়ের জন্য রয়েছে এ জেলার বিশেষ খ্যাতি। জেলাটি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। বর্তমানে ফেরি ও অন্য নৌযানের মাধ্যমে ভোলার সঙ্গে পাশের জেলাগুলোর যোগাযোগ চালু রয়েছে। সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় ভোলা থেকে অন্য জেলাগুলোতে পণ্য আনা-নেওয়া ও যাতায়াত বেশ কঠিন। এটি জেলার ব্যবসা-বাণিজ্যসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) তথ্যমতে, সেতু নির্মাণের জন্য জরিপ হয়েছে এবং সেতুর সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশাল লাহারহাট ফেরিঘাট। সেতুটি নির্মিত হলে দক্ষিণের এই দুই জেলার মধ্যে যাতায়াতে সময় কম লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ সহজ হবে। এ জেলায় পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও যোগাযোগব্যবস্থা আশানুরূপ না হওয়ায় গড়ে ওঠেনি বড় কোনো শিল্প-কারখানা। ২০১৩ সালে সেতুটির সম্ভাব্যতা জরিপ শুরু হলেও এখন পর্যন্ত কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। দ্বীপ জেলার মানুষের কষ্ট লাঘব এবং এ জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে সেতুটি খুবই প্রয়োজন। তাই সেতুর কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইলিয়াছ হোসাইন
লালমোহন, ভোলা