কালাই ও আক্কেলপুর পৌরসভা নির্বাচন
জয়পুরহাট প্রতিনিধি
প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করা মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের এই দুই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
কালাই পৌরসভায় মেয়র পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ-সমর্থিত রাবেয়া সুলতানা (নৌকা), বিএনপি-সমর্থিত সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুনুর রশিদ রাহুল (নারিকেলগাছ)। সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আক্কেলপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন—শহীদুল আলম চৌধুরী (নৌকা)। ধানের শীষ প্রতীকে এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা থাকলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন জগ প্রতীকে রেজাউল করিম। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে মো. আবু ইউসুফ এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মিজানুর রহমান। আক্কেলপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতিমূলক কাজ চলছে।
নেত্রকোনায় প্রার্থীরা যাচ্ছেন বাড়ি বাড়ি
নেত্রকোনা প্রতিনিধি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেত্রকোনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে এখন চলছে দিনরাত প্রচার-প্রচারণা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র নজরুল ইসলাম খান গণসংযোগ করছেন। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিও প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বলেন, ‘আমি জয়লাভে আশাবাদী।’ বিএনপির প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিও জয়লাভে আশাবাদী বলে জানান। উল্লেখ্য, নেত্রকোনা পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
দাউদকান্দিতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
এদিকে দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি দাউদকান্দি পৌরসভা নির্বাচনে তিন জন মেয়র পদপ্রার্থী ছাড়াও ১১ জন সংরক্ষিত মহিলা এবং ৩৬ জন পুরুষ কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন। নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র নাঈম ইউসুফ ঘরে ঘরে যাওয়া ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পথসভা ও উঠানবৈঠক করছেন। অন্যদিকে ধানের শীষের প্রার্থী নূর মো. সেলিম বিএনপির নেতাকর্মীদের নিয়ে আর নারিকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু মুছা তার নিজের কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।’