ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটের আলতাদীঘিতে ঝাঁক বেঁধে ছুটে এসে আপন মনে মেতে উঠেছে পরিযায়ী পাখিরা। পাখির কিচিরমিচিরে মুখরিত হয়ে উঠেছে দীঘিসহ সংলগ্ন উদ্যান। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পাখিও। এমন মনোমুগ্ধকর দৃশ্য জাতীয় উদ্যানে আসা দর্শনার্থীদের মন কেড়েছে। অনুসন্ধানে জানা গেছে, আলতাদীঘি জাতীয় উদ্যান রাজশাহী সামাজিক বন বিভাগের আওতায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পাইকবান্দা রেঞ্জের অধীনে ধামইরহাট বিটে অবস্থিত। নওগাঁ সদর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত উদ্যানটি। যার মোট আয়তন ২৬৪.১২ হেক্টর। এই বনভূমির মাঝখানে ৪৩ একর আয়তনে গড়ে ওঠা এক বিশাল দীঘি। পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১১ সালের ১৪ ডিসেম্বর ‘আলতাদীঘিকে জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করেছেন।
সরেজমিনে দেখা গেছে, দীঘির পুরো এলাকা জুড়ে এখন পরিযায়ী পাখি। এদের মধ্যে উল্লেখযোগ্য রাজ সরালি, পাতি সরালি, বালিহাঁস, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলাপি রাজহাঁস, ঝুটিহাঁস, চকাচকি, চিনাহাঁস, কালোহাঁস, বুনোহাঁস, লালশির, নীলশির, মানিকজোড়া, জলপিপি, ডুবোরি পাখি, হরিয়াল পাখি, রামঘুঘু, কাদাখোচা ও বিভিন্ন প্রজাতির গাংচিল।