শুরু হয়েছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের একক চিত্র প্রদর্শনী ‘দেয়ার ইজ নো স্টোরি’। ১৯৮৫ সাল থেকে ২০১৯, এই তিন দশকের অধিক সময় এই প্রদর্শনীর ব্যাপ্তি। কাজেই সময়, অভিজ্ঞতা উপলব্ধি মিলিয়ে এখানে বলা হয়েছে বা অনেক কিছু বলার আছে। যা ছবির গল্প বা রহস্য অনুসন্ধানকারীদের উপজীব্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আবুল বারাক আলভি। শিল্পীর কাজ নিয়ে বিশেষ বক্তব্য রাখেন শিল্পী ও সমালোচক জাভেদ জলিল।
১৯৮৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিল্পীর কয়েকটি সিরিজ থেকে বাছাই করা ৩৭টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। অধিকাংশ বিভিন্ন মাধ্যমে ছাপচিত্র, কিছু পেইন্ট অন প্রিন্ট। শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘প্রত্যেকটা কাজের ভেতরে কিছু স্পেস, কিছু ধারণা, কিছু ফিলিং থাকে। সুতরাং কোনো স্টোরি চিন্তা না করে বরং এটাকে ভিজুয়ালি দেখাই ভালো। আমার স্টোরি এখানে না দেখে অন্যদের ভাবনা থেকে ছবিগুলো দেখাই ভালো।’ প্রদর্শনী চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত।