ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে চাষ হয় নানা সবজি। রাজধানীর অদূরে হওয়ায় এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় সেখানকার বাজারে। তবে নিরাপদ সবজির কদর বেশি হওয়ায় তা আবাদে ঝুঁকে পড়েছে এলাকার চাষিরা। তার মধ্যে দৃষ্টিনন্দন বাঁধাকপির খেত। বাঁধাকপি চাষ করে লাভের মুখ দেখলেও বর্তমানে দরপতনে চাষিরা খানিকটা হতাশ। তবে সাকুল্যে লোকসানের মুখ দেখতে হবে না বলে জানিয়েছেন অনেকে। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোক্তা চাষি ঘোড়াকান্দা গ্রামের আবুল বাশার জানান, এসডিআই থেকে প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতা নিয়ে তিনি পাঁচ/ছয় বছর ধরে নিরাপদ সবজি চাষ করছেন। বাঁধাকপি চাষ করে তিনি প্রতি বছরই ভালো মুনাফা পান। এবারও প্রায় সাড়ে তিন বিঘা জমিতে বাঁধাকপি চাষ করে লাভবান তিনি।