সাত বস্তা ইয়াবা দুই বস্তা টাকা!

কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদণ্ডী ব্রিজের পাশের খালে নোঙর করা একটি ট্রলার থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা ছিল। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—ট্রলার মালিক কক্সবাজার শহরের নুনিয়ারছরা এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক (৩৭), তার শ্বশুর আবুল কালাম (৫৫), শ্যালক শেখ আবদুল্লাহ (১৯) ও মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)। গ্রেফতার ফারুকের বাড়ি থেকে ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্য এক ঘটনায় কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের স্বীকারোক্তি মতে মাছ ধরার সরঞ্জাম রাখার গ্যারেজ ঘর থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়। তা গুনে ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকার হদিস মিলে। বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উত্তর নুনিয়ারছড়ায় সাবেক মহিলা মেম্বর রাজিয়া বেগম রাজুর বসতবাড়ির পার্শ্ববর্তী নয়নের খালি ভিটার টিনের গ্যারেজ থেকে এসব টাকা জব্দ হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা উখিয়ার ইনানীর রেজুরখাল মোহনা থেকে ইয়াবার বিশাল এ চালানটি গ্রহণ করে চৌফলদণ্ডী ঘাটে এনে খালাসের অপেক্ষা করছিল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর পঙ্কজ বড়ুয়া, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে টেকনাফে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ৫২ হাজার ইয়াবাসহ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহত ইয়াবা ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়নি। গোলাগুলিতে আহত হয়েছেন এক বিজিবি সদস্য। আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।