কিশোরগঞ্জে ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার

ঘুষের টাকাসহ কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর  সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের খড়মপট্টি এলাকার সদর উপজেলা ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের ইটালী ভবনের মালিক এম এ হাকিম শাহ ক্রয় সূত্রে মালিকানাপ্রাপ্ত ২২ শতাংশ ভূমির মূল মালিকের নাম ভুল হওয়ায় তা সংশোধনের জন্য সার্ভেয়ার গিয়াসউদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। সার্ভেয়ার কাজটি সম্পাদনের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। পরে ১০ হাজার টাকায় রফা হয়। এই অভিযোগ দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়। বুধবার সকাল দশটায় এম এ হাকিম শাহ দুর্নীতি দমন কমিশনের ইনভেন্ট্রি করা ১০ হাজার টাকা নিয়ে উক্ত কার্যালয়ে যায়। এর আগেই দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেন। পরে ঘুষের টাকা লেন-দেনের সময় গিয়াসউদ্দিনকে হাতে-নাতে আটক করা হয়।

আরো পড়ুন: মৃত্যুশয্যায় বৃদ্ধা মা, পাশে নেই বিসিএস ক্যাডার-বিত্তবান সন্তানেরা

এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতার গিয়াসউদ্দিনের বাড়ি জেলার তাড়াইল উপজেলার দিগদাইর গ্রামে। আগামী ৩১ জানুয়ারি তার অবসরে (এলপিআর) যাওয়ার কথা ছিলো।

ইত্তেফাক/বিএএফ