আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদ্যাপন

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন অনাড়ম্বর পরিবেশে উদ্যাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে ইত্তেফাক কার্যালয়ে পরিবারের সদস্য, দলীয় ও অফিসের সহকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু কেক কাটেন। এ সময় পরিবার, জেপি ও ইত্তেফাকের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা ও ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, আরেক কন্যা মানিজা হোসেন, নাতি রায়হান হোসেন, সামিট গ্রুপের অন্যতম পরিচালক জাফর উমেদ খান টিটু এবং ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন এ সময় উপস্থিত ছিলেন। ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। জেপি নেতাদের মধ্যে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী ও এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ। ইত্তেফাকের বার্তা বিভাগের সাংবাদিক-কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।

কেক কাটার পর আনোয়ার হোসেন মঞ্জুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর তৈরি একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার চিত্র তুলে ধরা হয়। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সময়কাল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময়ে ইত্তেফাকের ঐতিহাসিক ভূমিকার সচিত্র প্রতিবেদন স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র ফুটে ওঠে। সর্বোপরি তুলে ধরা হয় তার নিজ নির্বাচনি এলাকার উন্নয়নচিত্র।

ভিডিওচিত্রটিতে জন্মদিনে আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, প্রখ্যাত কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী ও ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি। আনোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিণী ও ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনও ভিডিওচিত্রে তার বৈশিষ্ট্যের বিভিন্ন দিক তুলে ধরেন। ভিডিওচিত্রটিতে উঠে আসে আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি। এতে আরো স্থান পায় শিশু, প্রকৃতি ও  পোষা প্রাণীর প্রতি আনোয়ার হোসেন মঞ্জুর ভালোবাসা প্রকাশের কিছু দুর্লভ চিত্র।

ভাণ্ডারিয়ায় দোয়া মাহফিল ও কেক কেটে উদ্যাপন

আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষ্যে গতকাল রাতে ভাণ্ডারিয়া উপজেলা সদরের রিজার্ভ পুকুরপাড়ে জেপি কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে কেক কাটা হয়। জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীতে দোয়া মাহফিল, আলোচনাসভা

সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে গতকাল পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদ্যাপন করেছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনাসভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সকালে উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি প্রমুখ। আলোচনা শেষে আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন সূবর্ণ শিশুদের নিয়ে কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়।

কাউখালীতে জন্মদিন পালিত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলায় অনাড়ম্বর আয়োজনে আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায়  উপজেলা জেপি কার্যালয়ে কেক কাটেন জেপি, যুব সংহতি, ছাত্র সমাজ ও মহিলা পার্টির নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা খান মোহাম্মদ বাচ্চু, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, জাতীয় মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু, সাধারণ সম্পাদক সীমা আক্তার, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা শেখ লিটন, নাহিদ বাচ্চু, রেজাউল ইসলাম খসরু, ছাত্র সমাজের উপজেলা সভাপতি কাইয়ুম শেখ প্রমুখ।