রূপপুর পারমাণবিক প্রকল্প

দুই দিনব্যাপী কাজের অগ্রগতি ও যৌথ পর্যবেক্ষণ শুরু

দেশের সর্ববৃহত্ রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের কাজের অগ্রগতি, মনিটরিং ও গুণমানের দ্বিপাক্ষিক পর্যবেক্ষণ গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ৯ ও ১০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই পর্যবেক্ষণে বাংলাদেশ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি ও নিউক্লিয়ার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের ফাস্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল ও এটমস্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট লকসিন। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রাশিয়ার পক্ষে এটমস্ট্রয় এক্সপোর্ট, রোজ এনার্গোএটম, রশিয়ার নিউক্লিয়ার রেগুলেটরি বডি এবং বিভিন্ন এরিয়ার নিউক্লিয়ার বিশেষজ্ঞ কাজের সার্বিক অগ্রগতি, মনিটরিং ও গুণমান পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পর্যবেক্ষণ শুরুর প্রাক্কালে ইত্তেফাককে বলেন, মুক্তিযুদ্ধের পরম মিত্র দেশ রাশিয়ার শীর্ষপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মনিটরিং ও পর্যবেক্ষণের পর একাধিক সভা অনুষ্ঠিত হবে। কাজের গুণমান বজায় রেখে শিডিউল অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, রাশিয়ার ১০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং রোসাটম, এটমস্ট্রয় এক্সপোর্ট, রোজ এনার্গোএটম, রাশিয়ান নিউক্লিয়ার রেগুলেটরি বডি এবং বিভিন্ন এরিয়ার নিউক্লিয়ার বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের জন্য এসেছেন। দুই দিনে উভয় দেশের বিশেষজ্ঞ দ্বারা প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতির সঙ্গে সঙ্গে গুণমান পর্যবেক্ষণ করা হবে। এর আগে চলতি ও আগামী বছরের শিডিউল অনুযায়ী কার্যক্রম নিয়ে একাধিক বৈঠকের আয়োজন করা হয়। রাশিয়ান কর্তৃপক্ষ তাদের ঠিকাদার ও সাব-ঠিকাদারদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু নির্দেশনা দেবেন বলে তিনি জানান।