চীনের উহানে করোনা ভাইরাসের উত্স খুঁজতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল জানিয়েছে, উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার দাবি ভিত্তিহীন। এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা একটা গল্প। খবর রয়টার্সের
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক জানিয়েছেন, প্রাণী থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উহানে বাদুরের অনুপস্থিতি সরাসরি সংক্রমণ সম্ভাবনাকে হ্রাস করছে। তিনি জানান, এটি সম্ভবত একটি মধ্যবর্তী প্রজাতির মাধ্যমে এসেছিল। উহানের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকে মহামারি ছড়ানোর দাবি প্রত্যাখ্যান করে এমবারেক বলেছেন, ‘গবেষণাগারে তত্ত্বটি একেবারেই অসম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যত্ গবেষণার পরামর্শ দেব না।’
পাশাপাশি ভাইরাসের উত্স খুঁজে বের করতে চীনেরও সদিচ্ছার অভাব নেই বলেই জানিয়েছেন পিটার। তার দাবি, গত কয়েক মাস ধরেই এ নিয়ে কাজ করে চলেছেন তারা। তাদের দলের সঙ্গেও নিয়মিত আলোচনায় বসতে যে বেইজিংয়ের কোনো আপত্তি ছিল না, পরিষ্কার করে দিয়েছেন সেটাও। তার কথায়, ‘প্রতিদিনই আমরা তাদের সঙ্গে বসেছি। নানা তথ্য, নতুন ডেটা আদান-প্রদান করা হয়েছে। আমরা ওদের জানিয়েছিলাম আমরা কোন জায়গাগুলো পরিদর্শন করতে চাই। আমাদের অনুরোধ মেনে নিয়ে সমস্ত জায়গাতেই যেতে দেওয়া হয়েছে আমাদের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার মহামারি শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।’