হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি বিমানে খাবার সরবরাহ করা ক্যারিয়ার (হাই লিফট কাভার্ড ভ্যান) থেকে গতকাল সকালে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত স্বর্ণের ওজন প্রায় সাত কেজি, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিংয়ে দায়িত্বরত আট কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভুঁইয়া।
আটককৃত স্বর্ণের বিষয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। তিনি বলেন, দুবাই থেকে আসা ফ্লাইটটি সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদ থাকায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে ক্যাটারিংয়ের গাড়ি হাই লিফট কাভার্ড ভ্যানের খাবারের স্টোরেজ থেকে ৬০টি বার উদ্ধার করেন।
এ ঘটনার সঙ্গে বিমানের কর্মীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দা বিভাগের। ড. আব্দুর রউফ বলেন, স্বর্ণের বহনকারী থাকে ভিন্ন, মালিক ভিন্ন আর নিচের সারির কর্মকর্তাদের এ কাজে ব্যবহার করা হয়। কোটি কোটি টাকার স্বর্ণ লুকিয়ে রাখে ক্যাটারিংয়ের গাড়িতে। বিমানের কর্মকর্তারা এ দায় এড়াতে পারে না।
অস্ত্র, মাদক, চোরাচালান ও সন্ত্রাসে অর্থায়নের হাতিয়ার হিসেবে এসব স্বর্ণ ব্যবহার করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। চলতি অর্থবছরের গত সাত মাসে প্রায় ১০০ কেজি স্বর্ণ আটক হয়েছে বলে জানান তিনি।