স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, নিয়মিত অডিটের মাধ্যমে সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব। পরিদর্শনে উদ্ঘাটিত ত্রুটি-বিচ্যুতি-অনিয়ম চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। সমবায় সেক্টরের সংকট চিহ্নিত করে তা সমাধানে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
গতকাল মঙ্গলবার সমবায় অধিদপ্তরের আগারগাঁওয়ে অডিট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমবায় অডিটিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে অন্যান্যের মধ্যে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অঞ্জন কুমার সরকার, কোর্স পরিচালক ও যুগ্ম নিবন্ধক মো. নবীরুল ইসলাম, উপ-নিবন্ধক মুহাম্মদ গালীব খান প্রমুখ বক্তব্য রাখেন ।
প্রতিমন্ত্রী বলেন, সমবায় সমিতির কার্যক্রমকে আরো যুগোপযোগী ও গতিশীলতা আনয়নের জন্য ইতিমধ্যে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ হালনাগাদ করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও এটি বাস্তবায়ন করা হয়েছে। আশা করি, এতে আপনারা উপকৃত হবেন এবং কার্যক্রমে গতিশীলতা আসবে।