বাসচালকের সহযোগীর প্রাণ গেলো ঐ বাসেরই চাপায়

রাজধানীর রামপুরায় বাসচাপায় চালকের সহযোগী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাইদা পরিবহনের বাসের চালকের সহযোগী ছিল নিহত নাজমুল হোসেন (১৭)। ঐ বাসের চাপাতেই নিহত হয় সে।

নিহতের স্বজন আলআমিন জানিয়েছে, কিশোরগঞ্জ ইটনা উপজেলার উজারপাড় গ্রামের মো. শমসের আলীর ছেলে নাজমুল। দুই ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় নাজমুল থাকত রাজধানীর সায়দাবাদ হুজুরবাড়ি এলাকার একটি বাসায়। পাঁচ বছরের বেশি সময় ধরে সে বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করছিল।

প্রত্যক্ষদর্শী সিএনজি আটোরিকশা চালক মো. জলিল জানান, রামপুরা কাঁচাবাজার বাসস্ট্যান্ডে একই দিক থেকে হামিম পরিবহন ও রাইদা পরিবহন বাস যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। নাজমুল রাইদা পরিবহনের বাসেই ডিউটি করছিল। যাত্রী নামানোর পর সে কোনো কারণে হামিম পরিবহনের বাসের পাশে যায়। ঐ সময় রাইদা পরিবহন বাসটি ছেড়ে দেয়। হামিম পরিবহনের বাসটিও ধীরে ছেড়ে দেয়। রাইদা পরিবহনের বাসটি ওভারটেক করার সময় নাজমুলকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।