পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রত্যেক প্রকল্প নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে। কোনো প্রকল্প মূল্যায়নে খাতির করা চলবে না। প্রত্যেক মূল্যায়ন প্রতিবেদনই অত্যন্ত ক্ষুরধার পর্যালোচনার মাধ্যমে হতে হবে।
গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ২০২০-২১ অর্থবছরের নির্বাচিত প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়নসংক্রান্ত কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এই পর্যালোচনা করে থাকে। চলতি অর্থবছরে ২২টি প্রকল্প নিবিড় পরিবীক্ষণের জন্য এবং আটটি প্রকল্প প্রভাব মূল্যায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।
মূল্যায়নকারীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিষ্ঠুর পর্যালোচনা করতে হবে। নিরপেক্ষভাবে বিষয়টি তুলে আনতে হবে। এ ক্ষেত্রে ‘নো খাতির’। ভয় পাওয়ার দিন শেষ। স্বাধীন দেশে সবাই মাথা উঁচু করে বাঁচবেন। কাজ করবেন, মাথা উঁচু করেই চলবেন। যে টাকা দিয়ে উন্নয়নকাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়। এই টাকা জনগণের টাকা।
মন্ত্রী বলেন, আপনাদের সম্পর্কে বাজারে অনেক আলোচনা হচ্ছে। আপনারা সবকিছু দেখেন, আমাদের মতো বোবাকালা নন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আপনাদের দায়িত্ব গুরুত্বসহ বিবেচনা করা হয়। প্রকল্প পরিচালকদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। কোনো কোনো কর্মকর্তা একাই একাধিক প্রকল্প পরিচালকের (পিডি) দায়িত্ব নিয়ে বসে আছেন। এমনকি ১৪টি প্রকল্পের দায়িত্বেও রয়েছেন একজন পিডি। একজন পিডি একাধিক প্রকল্পের দায়িত্বে থাকার এই অবস্থাকে সম্প্রতি ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রীর আগের বক্তা আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান তাদের বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন। এ প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা আমার বিষয়ে অনেক কিছু বাড়িয়ে ভুলভাল প্রশংসা করেন, এটা লজ্জা লাগে, অস্বস্তিকর। কেমন আছেন, ভালো আছেন এটুকুই যথেষ্ট। তারপর অনেক বাড়িয়ে প্রশংসা করা হয়, এটা কমিয়ে আনেন।
মন্ত্রী বলেন, কোনো অনুষ্ঠানে গেলে ফুল, ক্রেস্ট দেওয়া হয়। এগুলো কমিয়ে আনা দরকার। প্রশংসা অহেতুক। অহেতুক কিছু বালাই আমাদের দেশে আছে। এগুলো কমানো দরকার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আইএমইডির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হলে এ সময় তিনি হেসে বলেন, আজকে রিসিভ করলাম, ভবিষ্যতে আর দেবেন না।