বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকার দলীয় দুই পক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পরিবহন মালিক শ্রমিক সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া পরিবহন মালিক শ্রমিক সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরু আলম মোহনকে গ্রেফতারের দাবিতে এ ধর্মঘটের আহ্বান করা হয়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।

বগুড়া পরিবহন মালিক শ্রমিক সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ জানান, পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে আলোচনা ফলপ্রসূ হওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগের মতই জেলার অভ্যন্তরীণ সড়কে স্বাভাবিক ভাবে যান চলাচল শুরু হয়েছে।

ইত্তেফাক/এসসিএস