নওগাঁর নিয়ামতপুরে মানসিক ভারসাম্যহীন ভাই প্রদীপ সিংয়ের লোহার খুন্তির আঘাতে আপন বোন লিপি রানীসহ (৩২) পথচারী মনু কুমার (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর মেয়ে লিপি রানী এবং ভাদরন্ড গ্রামের মৃত জামিনী কান্তের ছেলে মনু কুমার।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের লিপির ভাই মানসিক ভারসাম্যহীন প্রদীপ সিং বাড়ির মধ্যে ছিলেন। বাড়ি মধ্যে রাখা লোহার খুন্তি দিয়ে হঠাৎ করে দুপুরের দিকে বোন লিপি রানী মাথায় আঘাত করেন। ঘটনাটি দেখতে পেয়ে পথচারী মনু এগিয়ে এলে তাকেও আঘাত করেন খুন্তি দিয়ে। খুন্তির আঘাতে লিপি ও মনু গুরুত্বর আহত হয়ে পড়েন। প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে প্রদীপ সিংকে আটক করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহমদুল্লাহ তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, পারিবারিক ও স্থানীয়ভাবে জানানো হয়েছে প্রদীপ সিং দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে বাড়ির মধ্যে রাখা হয়েছিল। হঠাৎ সে দুর্ঘটনাটি ঘটিয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে প্রদীপ সিংকে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমএএম