মঞ্চে ‘আমিনা সুন্দরী’

বিনোদন রিপোর্ট

আগামীকাল সন্ধ্যা ৭টায় থিয়েটার আর্ট ইউনিটের দর্শকনন্দিত নাটক ‘আমিনা সুন্দরী’র ৮৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকটি রচনা করেছেন এস এম সোলায়মান এবং নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে আমিনা সুন্দরীর গল্প। বাঙালি নারীর প্রেম ও পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা এই গল্পের প্রধান উপজীব্য। গল্পে দেখা যাবে, পতিভক্ত আমিনার স্বামী ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় বার্মায়। আমিনা তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে। কিন্তু নছর বার্মায় গিয়ে আরেক সুন্দরী কন্যা এখিনকে বিয়ে করে। দীর্ঘদিন পর নছর দেশে ফিরে আসে। ততদিনে আমিনা তার জীবনের নানা সংকটের ধারাবাহিকতায় ভোলা সওদাগরের ঘরে বন্দি হয়ে যায়! নাটকটির নেপথ্য কারিগররা হলেন মঞ্চ ব্যবস্থাপনায় কামরুজ্জামান মিল্লাত, সংগীত পরিকল্পনায় সেলিম মাহবুব, মঞ্চ পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, কোরিওগ্রাফিতে অনিকেত পাল, পোশাক পরিকল্পনা সহযোগী শিমুল খান এবং আলোক নিয়ন্ত্রণে আবু সুফিয়ান বিপ্লব ও আব্দুল আলিম।