চলচ্চিত্র যাত্রায় নোভা

বিনোদন রিপোর্ট

দেশের জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ আগের মতো কাজে নিয়মিত না থাকলেও দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা এখনো রয়েছে। মাঝে মাঝেই পর্দায় দেখা মেলে এই অভিনেত্রীর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নোভা দীর্ঘদিন ধরে কাজ করেছেন টিভিসি, নাটক ও টেলিছবিতে। এছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তিনি। তবে এবার নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। ‘মৃধা ভার্সেস মৃধা’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন রনি ভৌমিক।

বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, ‘যখন নিয়মিত কাজ করতাম তখনো অনেক প্রস্তাব আসতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য। তবে ব্যাটে-বলে মেলেনি বলে করা হয়নি। অবশেষে চমত্কার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

নির্মাতা রনি ভৌমিক ছবিটি প্রসঙ্গে জানান, ছবিটিতে সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতি, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

জানা গেছে, ছবিটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। তার সঙ্গে আরো থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামীবছর মুক্তি পাবে ছবিটি।