ময়মনসিংহে ছিনতাইকারীর উত্পাত

দেশের পুরাতন ও ব্যস্ত নগরীগুলোর একটি ময়মনসিংহ। জনবহুল এই নগরীর মানুষজন দীর্ঘদিন ধরে ছিনতাইকারীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ধ্যার পরে ছিনতাইকারীরা ওত পেতে থাকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে। ব্রিজমোড়, গঙ্গিনার পাড়, রেলস্টেশন, টাউন হল মোড়, চরপাড়াসহ বেশ কিছু জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। বন্ধুসুলভ আচরণ করে সুযোগ বুঝে ছিনতাই করে যাচ্ছে তারা। ছুরি ধরে জনসাধারণের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। প্রতিবাদ করলে অঙ্গহানিসহ হত্যা করতেও পিছপা হয় না তারা। শহরবাসী তাদের কাছে জিম্মি। পরিবারের কোনো সদস্য রাতের বেলা বাইরে থাকলে সুস্থ স্বাভাবিক ভাবে ফিরে আসা নিয়ে উত্কণ্ঠার শেষ নেই। তাই জনগণের জানমালের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইফতেখারুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ