রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়া, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ জাতীয় সংগ্রাম কমিটি, রংপুরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, করোনার সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ফলে সকল স্তরের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। অন্যান্য ক্ষেত্রে অনলাইনসহ বিভিন্নভাবে কিছু ক্লাস করানোর চেষ্টা করা হলেও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বরাবরের মতো উপেক্ষিতই থেকেছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা যখন সমাধান হিসেবে সেশনজট নিরসন, বেতন-ফি মওকুফ, শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া ও ডুয়েটসহ সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা বাড়ানো, এই চার দফা দাবি নিয়ে আন্দোলন করছে তখন তাদের ওপর হামলা হচ্ছে। শাহবাগে অবস্থানরত ছাত্রদের ওপর হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের সব সংকট সমাধান ও ছাত্র নেতাদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সমাবেশে পলিটেকনিক শিক্ষার্থী সৌরভ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ জাতীয় সংগ্রাম কমিটির রংপুর রাজশাহী বিভাগের আহ্বায়ক প্রহলাদ রায়, শিক্ষার্থী শম্ভু রাম বর্মন, শাকিল আহমেদ, আহসান হাবিব প্রমুখ।