নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো—যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের রফিকুল ইসলাম এবং একই উপজেলার বাররা গ্রামের আবু সাঈদ সরদার। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়।