কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত ও দুই জন অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল উপজেলার তেলিরচালা এলাকার একটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল হোসেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. বাদল হোসেনের ছেলে। জানা যায়, সকালের দিকে কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মালামালসহ কলোনির ১৮টি কক্ষ পুড়ে গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।