আসছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

করোনার কারণে ২০২০ সালে মাত্র দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে টাইগারদের। বিশেষ করে বছরের শেষ দিকে টানা কয়েকটি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এসব সিরিজের কেন্দ্রবিন্দুতে মূলত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপ।

এ বছর সেপ্টেম্বরে তিনটি টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এফটিপি অনুযায়ী অক্টোবরে তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলতে আসবে ইংল্যান্ড। গতকাল খবর আসল বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে তিনটি টি-২০ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াও। তিন বড় দলের বিরুদ্ধে এসব সিরিজ আয়োজনের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

কাছাকাছি সময়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে, সেক্ষেত্রে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজনের সুযোগ রয়েছে। এ সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবির প্রধান নির্বাহী। তিনি জানিয়েছেন, এখনো ত্রিদেশীয় সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে সফরে আসা প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপটা যেহেতু ভারতে নির্ধারিত আছে অক্টোবরে তার আগে কয়েকটি দেশের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়াও আছে। অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা দুই বোর্ড নীতিগতভাবে সম্মত আছি।’

ত্রিদেশীয় সিরিজের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘এখনো পর্যন্ত যেটা আছে টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বাংলাদেশ সফর করবে। এভাবেই আমাদের প্ল্যান আছে, এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে টিভি-স্বত্ব নিয়ে জটিলতায় বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছিল স্বাগতিক বোর্ড। পরে গত বছর করোনার কারণে দুই টেস্টের সিরিজ খেলতে স্মিথ-ওয়ার্নারদের বাংলাদেশ সফরও স্থগিত হয়েছিল। এপ্রিল পর্যন্ত সময় থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এ দুটি টেস্ট খেলার সুযোগ এখন নেই বললেই চলে। কারণ আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ চূড়ান্ত হয়ে গেছে।