স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম টেস্টে তিন উইকেটের ঐতিহাসিক জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ দেখছেন না সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। সতীর্থদের এ নিয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। কেননা ঢাকা টেস্টে তাদেরকে সেই শূন্য থেকেই শুরু করতে হবে ।
আজ থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে প্রথম টেস্টের মতো এবারো লড়াইয়ে এক চুলও ছাড় দেবে না উইন্ডিজ। তেমনটাই জানালেন ব্রেথওয়েট।
গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জয় নিয়ে আমরা খুশি। তবে আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। অনুশীলনে কোচও সেই বিষয়ে জোর দিয়েছেন। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রথমে ব্যাটিং বা বোলিং যেটাই করি না কেন আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
চট্টগ্রামের উইকেট ম্যাচের শেষ দিন পর্যন্ত মন্থর ও ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। সেই বিচারে মিরপুরের উইকেটকে খুব একটা আলাদা চোখে দেখছেন না ব্রেথওয়েট। তিনি বলেন, ‘আমি অনুমান করতে পারব না উইকেট কেমন আচরণ করবে। তবে প্রথম টেস্টের মতোই শুষ্ক লাগছে। অবশ্য পিচের মধ্যে ফাটল আছে।’