ইউনাইটেডের কষ্টার্জিত জয়
স্পোর্টস ডেস্ক
প্রথম লেগ জেতায় মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেই কোপা ইতালিয়ার ফাইনালে উঠে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। ওদিকে এফএ কাপের পঞ্চম পর্বের ম্যাচে স্কট ম্যাকটমিনের অতিরিক্ত সময়ের গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্তাস। মঙ্গলবার জুভেন্তাস স্টেডিয়ামে খেলাটা মূলত হয়েছে দুই রক্ষণের মাঝে। জুভেন্তাস তারকা রোনালদোর দুটি দুর্দান্ত শট ফিরিয়ে ম্যাচ জুড়ে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন ইন্টার গোলকিপার সামির হ্যান্ডানোভিচ। আর অপরপ্রান্তে ইন্টার স্ট্রাইকার রোমেলু লুকাকু ও ফুলব্যাক আশরাফ হাকিমি একাধিকবার জুভেন্তাস রক্ষণে হানা দিলেও গোলের দেখা পাননি। যে কারণে আগের লেগে ১-২ গোলে পিছিয়ে থাকা ইন্টারের কোপা ইতালিয়া দৌড় শেষ হয় সেমিতেই। ১৯ মে ফাইনালে আটালান্টা বা ন্যাপোলির মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাস। ওদিকে ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেই অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে দলের জন্য জয়সূচক গোলটি করেন ইউনাইটেড মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। এই জয়ের পর ম্যানেজার ওলে গুনার সোলসার তার দলের মানসিকতার প্রসংসা করেছেন, ‘এভারটনের সঙ্গে ড্রয়ের পর আমরা মানসিকভাবে কিছুটা নেতিয়ে পড়েছিলাম। এ জন্য এই ম্যাচ থেকে একটা ভালো রেজাল্ট বের করার দরকার ছিল।’