মেহেরপুরের গাংনীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর জন্ম দেওয়া শিশুর পিতৃপরিচয় মিলছে না। অভিযুক্ত ধর্ষকের সঙ্গে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হলেও তা মেলেনি। নারায়ণগঞ্জের বন্দরে গার্মেন্টসে চাকরির প্রলোভনে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এদিকে রংপুরের হারাগাছে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হলেও অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর।
গাংনী (মেহেরপুর) :গাংনীতে ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী এক নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের পিতার পরিচয় মিলছে না। পিতার পরিচয় শনাক্ত করতে বানারুল ইসলাম নামের এক ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা হলেও তার সঙ্গে মেলেনি শিশুটির পিতৃপরিচয়। এ নিয়ে বাক্প্রতিবন্ধীর পরিবার রয়েছে চরম বিপাকে।
ঐ নারীর মা জানান, তার বাক্প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশি বানারুলের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে। মামলায় কয়েক মাস জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে বানারুল। গত ৬ নভেম্বর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে ঐ নারী একটি কন্যাসন্তান প্রসব করেছে। বাক্প্রতিবন্ধী নারী আদালতসহ সবাইকে জানিয়েছেন বানারুলই তাকে ধর্ষণ করেছে। বানারুল প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকার কারণে সে মামলা তুলে নেওয়াসহ নানাভাবে হুমকি দিচ্ছে। বাক্প্রতিবন্ধী নারীর নানি বলেন, আমরা দরিদ্র মানুষ। তিনবেলা আমাদের ভাত জোটে না। বিচার না পেলে মৃত্যু ছাড়া তাদের কোনো পথ নেই। এদিকে ধর্ষণ মামলার আসামি বানারুল ইসলাম দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :বন্দরে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৪) ধর্ষণ করেছে মদনপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্র। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদনপুর এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার, রংপুর :রংপুরের হারাগাছে বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।