প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদকে আশ্বস্ত করেছেন যে, মালদ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আব্দুল্লা শহিদ গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর সভাপতি হিসেবে শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মালদ্বীপকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বাংলাদেশ এখন তার নিজস্ব ‘প্রশমন’ ও ‘অভিযোজন’ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
মালদ্বীপের সফররত পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বসবাসরত বৈধ কাগজ-বিহীন বাংলাদেশিদের বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেওয়ার বিষয়ে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীকে আরো অবহিত করেন, যে সব বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বিনামূল্যে কোভিড ১৯-এর ভ্যাকসিন দেওয়া হবে। বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভাষানচরে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যহত রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশে এক জন লোকও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
এ সময় আব্দুল্লা শহিদ বাংলাদেশের বিভিন্ন খাতে অসামান্য উন্নয়ন ও সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতেই নয়, বরং গোটা বিশ্বের জন্যও এক জন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী।
সফররত পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদশের স্বাধীনতা দিবস ও মুজিববর্ষের উত্সব উদ্যাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোয় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয়, বরং গোটা বিশ্বের এক জন মহান নেতা। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মালদ্বীপকে চিকিত্সা সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।