বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানের পিতা ও পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. শাহজাহান আর নেই। মঙ্গলবার বিকাল ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুর সংবাদ শুনে মরহুমের ধানমন্ডিস্থ ৪/এ বাসভবনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন। গতকাল বাদ জোহর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।