প্যাংগং লেক থেকে ভারত ও চীন উভয় দেশ সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। ভারত এ বিষয়ে কিছু না জানালেও অস্বীকারও করেনি। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-চীন সীমান্তে কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভি ও ডনের
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উও কিয়ান এক লিখিত বিবৃতিতে বলেছেন, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ পাশ থেকে সৈন্য সরাতে শুরু করেছে দুই দেশ। তিনি জানান, ১০ ফেব্রুয়ারি থেকেই এই কাজটি শুরু হয়েছে। গত মাসে দুই দেশের কমান্ডার পর্যায়ে নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতও ঐ বৈঠকের পর জানিয়েছিল, দুই দেশের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে গতকাল চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে কিছু জানায়নি ভারত। যদিও এনডিটিভি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত সরকার এই বিবৃতির বিষয়ে অস্বীকারও করেনি। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন তার প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে। আমরা ভারত-চীন সীমান্তে কড়া নজর রাখছি। আমরা চাই ভারত ও চীন কথা বলে সমস্যা মিটিয়ে ফেলুক।