দায়িত্ব পালনে শিথিলতা বরদাস্ত করা হবে না :মাহবুব তালুকদার

চলমান পৌরসভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় আমি উদ্বিগ্ন। নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্ব পালনে কারো কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা ‘জিরো টলারেন্সে’ বিশ্বাসী।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘জুম মিটিং’ এ লিখিত বক্তব্যে বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন। ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও নির্বাচন ব্যবস্থাপনা-২ অধিশাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান সভা সঞ্চালনা করেন।

জানা যায়, ‘জুম মিটিং’ এ সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক তাদের প্রস্তুতি ও সমস্যাসমূহ উপস্থাপন করেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তাত্ক্ষণিকভাবে সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানকল্পে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা আমাদের শপথের অংশীদার। কারণ নির্বাচন আমরা সরাসরি করি না, নির্বাচন করেন আপনারা। নির্বাচন কমিশনের সব ক্ষমতা ও শক্তি এখন আপনাদের কাছে হস্তান্তরিত। কমিশনের নির্দেশে আপনারা এই ক্ষমতা প্রয়োগ করবেন।