প্রিয়াঙ্কা রাজনীতিতে যথেষ্ট যোগ্য: রাহুল

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর প্রদেশের (পূর্ব) সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। যিনি দলটির সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বোন। 

৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা লোকসভায় সবচেয়ে বেশি ৮০ আসনের উত্তর প্রদেশের অর্ধেক নিয়ে কাজ করতে হবে। যেখানে দুটি প্রভাবশালী আঞ্চলিক দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। 

গুরুত্বপূর্ণ একটি প্রদেশে প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়েছেন রাহুল। তবে এই দায়িত্ব পালনে বোন যথেষ্ট যোগ্যও বলে মনে করেন তিনি। রাহুল বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বোন প্রিয়াঙ্কা লোকসভা নির্বাচনে আমাকে উত্তর প্রদেশে সহযোগিতা করবে। সে এই কাজের জন্য যথেষ্ট যোগ্য।  

আরও পড়ুন: ক্লিনিকের নার্স দিয়ে অপারেশন, তদন্ত কমিটি গঠন

রাজস্থানের মূখ্যমন্ত্রী ও কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক অশোক গেলট বলেন, কংগ্রেস সভাপতি শ্রীমতি প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক নিযুক্ত করেছেন। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দায়িত্ব নেবেন। 

এছাড়াও রাহুল দলের সিনিয়র নেতা জোতিরাদিত্য সিন্ধিয়াকে উত্তর প্রদেশ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক নিযুক্ত করেছেন। এ দুজন দলটির সিনিয়র নেতা গোলাম নবী আজাদের স্থলাভিষিক্ত হলেন। গোলাম নবীর জায়গায় একজন নয় দুজনকে দায়িত্ব দেয়া হলো। অপরদিকে গোলাম নবীকে হরিয়ানা প্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। 

এছাড়াও রাহুল কে সি ভেনগোপালকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করেছেন। রাজস্থানের মূখ্যমন্ত্রী হওয়ার পূর্ব পর্যন্ত অশোক গেলট এই পদে বহাল ছিলেন। 

ইত্তেফাক/কেআই