জালিয়াতি :নেপালে নিষিদ্ধ দুই ভারতীয় পর্বতারোহী

মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় দুই ভারতীয় পর্বতারোহী ও তাদের দলনেতাকে নেপালে পর্বত আরোহণে ছয় বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নরেন্দ্র সিং যাদব ও সীমা রানি গোস্বামী নামের দুই পর্বতারোহীকে ২০১৬ সালে নেপালের পর্যটন বিভাগ মাউন্ট এভারেস্টে ওঠার সনদ দিয়েছিল।

একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর যাদব এভারেস্টে ওঠার কোনো প্রমাণ দিতে না পারায় তাদের দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ঐ তদন্ত শেষেই বুধবার নেপাল এ দুই ভারতীয় পর্বতারোহীকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করে। তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে যাদব ও গোস্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় ওঠা বিশ্বের যে কোনো পর্বতারোহীর কাছেই আরাধ্য। গত বছর নরেন্দ্র সিং যাদব মর্যাদাপূর্ণ তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারের জন্য মনোনীত হলে অন্য পর্বতারোহীরা ২০১৬ সালে যাদব-সীমার এভারেস্টের চূড়ায় ওঠার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অন্য পর্বতারোহীদের নিয়ে করা তদন্তে তারা দেখেছেন, ঐ দুই ভারতীয় পর্বতারোহী কখনোই এভারেস্ট চূড়ায় ওঠেননি। ‘তারা যে জাল কাগজপত্র দিয়েছিল (এর মধ্যে ছবিও আছে) তদন্তে তা পেয়েছি আমরা। সে সব নথিপত্র এবং শেরপাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তার সঙ্গে আলোচনার পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি,’ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই বলেছেন নেপালের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। যাদব ও সীমার এভারেস্টে ওঠার সনদও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

যে কোম্পানি এ দুই ভারতীয়র এভারেস্ট অভিযানের আয়োজন করেছিল এবং যে শেরপারা তাদের সহযোগিতা করেছিল, তাদেরও জরিমানা করা হয়েছে।