সবশেষ দাবাং থ্রি সিনেমার পর দীর্ঘদিন নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে ক’দিন আগেই তার ভক্তদের সুখবর দেন সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বিরতীর অবসান ঘটাচ্ছেন তিনি। অনেকদিন পর শিরোনামে আসেন এই অভিনেত্রী। দর্শকরাও প্রিয় অভিনেত্রীর এমন খবরে বেশ খুশি হন। সেই ধারাবাহিকতায় আবারো খবরে এলেন তিনি। তবে এবার ভিন্ন শিরোনামের এলেন সোনাক্ষী। ভিন্ন আঙ্গিকে ভারতে চলা কৃষক আন্দোলনের সমর্থন দিলেন তিনি।
জানা গেছে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে সোনাক্ষী সিনহা একটি কবিতা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে কৃষকদের নিয়ে তার ভাবনা ফুটে উঠেছে। ‘নজরে মিলাকে খুদসে পুছো কিউ’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করেছেন সোনাক্ষী নিজেই। কৃষকরা কেন মাটি, লাঙল ছেড়ে পথে নেমেছেন, আন্দোলন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কৃষকদের কেন ‘দাঙ্গাকারী’ বলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সোনাক্ষী।
তবে এবারই প্রথম নয়, এর আগেও কৃষক আন্দোলন নিয়ে কথা বলেছেন সোনাক্ষী সিনহা। আন্তর্জাতিক তারকারা যখন কৃষক আন্দোলন নিয়ে কথা বলেছেন তখন বিষয়টির প্রতিবাদ করেছেন অনেক বলিউড তারকা। কিন্তু বলিউড তারকাদের সঙ্গে একমত হতে পারেননি সোনাক্ষী।