ঘুঘুর ঘরের গোপন উষ্ণতা কারো নয়
তার একান্ত নিজের
খালের শীতলপুরে কইমাছের কানকোফোলা
বিচরণ নয় ধীবরের
সঙ্গমের পর দম্পতির ধমনির মুক্ত সঞ্চালন
নয় অন্যজীবনের দান
মুক্তিকামী গেরিলার ঝাঁপিয়ে পড়ার মুদ্রা
কী বুঝিবে হিটলারের লিবিডো মেশিনগান
সুন্দরের তৃষ্ণায় গভীর বনাঞ্চলে ঘুরছে যে পর্যটক
তার কী বা বুঝিবে ট্রিগারে হাত রাখা কালো হন্তারক
আমার ভেতরে কারো কিছু নেই
শুধু সংরক্ষণের গড়েছি দুর্গ নিজের মোহেই ...