ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন

জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা

শেষ মুহূর্তে জমে উঠেছে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই রয়েছে একক প্রার্থী। আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে মেয়র পদে মো. ইমাম হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ দেলোয়ার হোসেন হাতপাখা প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শিবগঞ্জে বড় দুই দলের গণসংযোগ চলছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, এবার এই পৌরসভা নির্বাচনে তিন জন প্রার্থী থাকলেও ধারণা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে। তারা হলেন—বিএনপির প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা ও আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। প্রচারণায় ও প্রতিশ্রুতিতে কেউ পিছিয়ে নেই। এলাকায় তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গোয়ালন্দে মেয়র পদে তিন প্রার্থীর লড়াই

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন। গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট তিন জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডল (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (জগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী রয়েছেন শেখ মো. নজরুল ইসলাম। এ নির্বাচনে বিএনপির প্রার্থী নেই। নির্বাচনকে সামনে রেখে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

লালমনিরহাটে মেয়র পদে পাঁচ জন

এদিকে লালমনিরহাট প্রতিনিধি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের সড়কে প্রার্থীদের প্রতীক ও ছবিসংবলিত পোস্টারে ছেয়ে গেছে। মেয়র পদে সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন (নৌকা), সাবেক মেয়র মোশারফ হোসেন রানা (ধানের শীষ), সাবেক কাউন্সিলর এস এম ওয়াহিদুল হাসান সেনা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ), আমিনুল ইসলাম (হাতপাখা) নির্বাচনি মাঠে রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান।

নরসিংদীর দুই পৌরসভায় চলছে জোর প্রচারণা

নরসিংদী প্রতিনিধি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচন। চতুর্থ ধাপের এ নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীদের জোরেশোরে চলছে প্রচার-প্রচারণা। মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন আনু (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো: শামিম হোসেন মনির (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াছমিন (মোবাইল ফোন)। অপরদিকে, নরসিংদী পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্চু, স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম এবং বিএনপি মনোনীত হারুন অর রশিদের মধ্যে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসাদুল হক হামিদও হাত পাখা নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, নরসিংদী পৌরসভায় ব্যালট পেপার ও মাধবদীতে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে।