ঝিনাইদহে ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতিতে জামিন পেল ধর্ষণ মামলার এক আসামি। জামিনের পর বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে তাদের বিয়ে হয়। এ সময় আইনজীবী, মেয়ে ও ছেলে পক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু আহসান হাবিব আসামি নাজমুল হোসেনকে জামিন দেন।
মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের নাজমুল হোসেন দুই বছর আগে পার্শ্ববর্তী পবহাটি গ্রামের এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ১৫ জানুয়ারি বাড়িতে একা পেয়ে নাজমুল মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়ের চিত্কারে লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ঐ দিন নাজমুলকে আসামি করে ধর্ষণ মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতিতে আসামি নাজমুলকে বৃহস্পতিবার জামিন দেয় আদালত। পরে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে তাদের বিয়ে হয়।