কালাই পৌরসভার নির্বাচন স্থগিত

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ১৪ ফেব্রুয়ারির কালাই পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোবারক হোসেন নির্বাচন স্থগিত করে বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি প্রদান করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, কালাই পৌরসভার নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে নির্বাচন স্থগিত রাখার আদেশ দেয় হাইকোর্ট। চতুর্থ ধাপে ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কালাই পৌরসভায় ভোট অনুষ্ঠানের জন্য নির্ধারিত তারিখ ছিল। নির্বাচনে মেয়র পদে তিন জনসহ সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।