সংবাদ সংক্ষেপ

গুরুদাসপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরে পাঁচ কেজি গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার কাছিকাটা টোল প্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের করে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন—কুষ্টিয়া জেলার ইসলামপুর এলাকার খোয়াজ মণ্ডল ও জামিদুল মণ্ডল। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা টোলপ্লাজায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী খোয়াজ মণ্ডলকে পাঁচ কেজি গাঁজা ও জামিদুল মণ্ডলকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাছের, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান প্রমুখ।

টেইলারিং প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় দুই মাসের ট্রেডকোর্স টেইলারিং ও বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে চেক ও কোর্স সমাপনী সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক কার্যালয়ের হলরুমে ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়।