বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে যুক্ত হয়েছে চারটি সেবা প্রদানকারী সংস্থা। সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা ওয়াটার সাপ্লায় অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ১৬টি সেবা দেওয়া হবে। এগুলো হলো—অগ্নি নিরাপত্তা লাইসেন্স অনুমোদন ও নবায়ন, বহুতল ভবনের অনাপত্তি সনদপত্র প্রদান, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিনামা রেজিস্ট্রেশন, বায়না দলিল, ভূমি সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন, নিবন্ধিত দলিলের নকল সরবরাহ, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি, পয়ঃসংযোগ, প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের অনুমতি প্রদান, ল্যান্ড/ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিফোন সংযোগ, উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সংযোগ, ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন নেম রেজিস্ট্রেশন। বিডা ভবনে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১টি সংস্থার ৪১টি সেবা প্রদান করে আসছে। আশা করি এ বছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে ১৫৪টি বিনিয়োগ সেবা দিতে সক্ষম হব। নিবন্ধন অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিডার পক্ষে মহাপরিচালক মো. ওয়াহিদুল ইসলাম ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে পরিচালক (অপা. ও মেইন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএসসি, ঢাকা ওয়াটার সাপ্লায় অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির পক্ষে পিএন্ডডি (পয়.) বিভাগ প্রকৌশলী মো. ইয়ার খান সমঝোতা স্মারকে সই করেন।