সেই রাকিটিচই ডুবাল বার্সাকে

কোপা দেল রে-এর সেমিফাইনালের প্রথম লেগে বুধবার বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া। স্বাগতিক সেভিয়ার হয়ে গোল পেয়েছেন সাবেক বার্সেলোনা তারকা ইভান রাকিটিচ। ওদিকে এফএ কাপের পঞ্চম পর্ব থেকে বিদায় নিয়েছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার। গুডিসন পার্কে বার্নার্ডের অতিরিক্ত সময়ে গোলে ৫-৪ ব্যবধানে স্পার্সকে হারিয়েছে কার্লো আনচেলত্তির এভারটন।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক পরাজয়ের পর দলের ‘অপ্রয়োজনীয়’ সদস্যদের ছাঁটাই করা শুরু করেছিল বার্সা। এই লক্ষে ক্লাবের দীর্ঘদিনের সেবক ইভান রাকিটিচ ও লুইস সুয়ারেজের চুক্তি বাতিল করে দেওয়া হলে তারা যোগ দেন স্পেনেরই দুই পরাশক্তি ক্লাবে। সেভিয়ায় যোগ দেওয়া রাকিটিচ গত বুধবারই বুঝিয়ে দিলেন, তাকে ছেড়ে দিয়ে বার্সা কীভাবে ‘নিজের পায়ে কুড়াল মেরেছে’। ডিফেন্ডার কুন্দের একটি দুর্দান্ত একক গোলে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। ৮৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাকিটিচ গোল করলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এফ এ কাপের পঞ্চম পর্বে একটি মহারণের সাক্ষী হলো গুডিসন পার্ক। বুধবার এভারটনের ঘরের মাঠে ৯ গোলের একটি থ্রিলার উপহার দেয় এভারটন ও ইউনাইটেড। নির্ধারিত সময়ে দুই দলই একাধিকবার ম্যাচের কর্তৃত্ব পায়। তাদের গোল করা এবং গোল শোধ করার প্রতিযোগিতায় ৪-৪ ব্যবধানে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ধৈর্য ও সামর্থ্যের পরিচয় দিয়ে শেষ হাসি হাসে স্বাগতিকরাই। ৯৭ মিনিটে স্পার্সের রক্ষণভাগের একটি ভুলকে কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন এভারটনের ব্রাজিলিয়ান মিডফিল্ডার বার্নার্ড।