চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক অভিষেকে ডাবল সেঞ্চুরি করা কাইল মেয়ার্স। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে এনক্রুমা বনারের ৮৬ রানের ভূমিকাও ছিল অনস্বীকার্য। মেয়ার্সের সঙ্গে ২১৬ রানের জুটি গড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম দিনেই সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট, মেয়ার্স, ব্ল্যাকউডরা।
তাদের বিদায়ের পর ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পালন করছেন বনার। গতকাল দিন শেষে ৭৪ রানে অপরাজিত তিনি। দিনের শেষ ১৮ ওভারে জশুয়া দা সিলভাকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েছেন বনার।
আজ দ্বিতীয় দিনে দলকে বড় স্কোর এনে দিতে চান এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৩৫০ রানের টার্গেট করছেন বনার।
গতকাল দিন শেষে ৩২ বছর বয়সি এ ব্যাটসম্যান বলেন, ‘যত বেশি সময় সম্ভব আমাদের ব্যাট করা গুরুত্বপূর্ণ। আমরা সাড়ে ৩০০-এর বেশি যেতে চাই। আমার মনে হয় এটা খুব ভালো স্কোর হবে।’
বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সফল হওয়ার মন্ত্র জানাতে গিয়ে বনার বলেন, ‘কোনো রহস্য নেই। যত বেশি সম্ভব স্পিন খেলতে হবে। উইকেটের ধরনের কারণে ফ্রন্ট ফুটে খেলতে হবে। আমি ফ্রন্ট ফুটে যত বেশি সম্ভব বল খেলতে চেষ্টা করেছি এবং বলটা ‘ভি’র (লং অন-লং অফ) মধ্যে রাখতে চেয়েছি। উইকেটে কিছুটা বাউন্স আছে। কিন্তু চট্টগ্রামের মতোই উইকেট।’
আজ জশুয়া দ্য সিলভার সঙ্গে জুটিটা বড় করার টার্গেটেই খেলতে নামবেন বনার। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ২৬ রান দূরে আছেন তিনি। অলক্ষ্যে সেঞ্চুরির স্বপ্নও উদ্দীপ্ত করবে এ ক্যারিবিয়ানকে।