ট্রেনে নির্ধারিত আসনের বাইরে যাত্রী

করোনা দেখা দেওয়ার পর কিছু সময় রেল চলাচল বন্ধ ছিল। এরপর প্রথমে মালামাল ও পরে যাত্রী পরিবহন শুরু হয়। তবে এ সময় আগের মতো দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকেট বিক্রি বন্ধ থাকে। শুধু আসন সংখ্যা অনুপাতে টিকেট বিক্রি হয়, এখনো যা অব্যাহত আছে। কিন্তু রেল ভ্রমণে সেটা দেখতে পাইনি। প্রতিদিনই লোকাল, এক্সপ্রেস বা আন্তঃনগর সবগুলো ট্রেনেই আসন সংখ্যার বাইরে গাদাগাদি করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে মানুষ। এ অবস্থায় সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এজন্য যাত্রীদের নির্দিষ্ট আসনের বাইরে বা দাঁড়িয়ে রেল ভ্রমণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতন হওয়া জরুরি। রেল ভ্রমণে দেখা যাচ্ছে দাঁড়িয়ে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে টিকেট বিহীন চলাচলের কারণে জরিমানা আদায় করা হচ্ছে। বিষয়টি ওপেন সিক্রেট! বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের আসন সংখ্যার বাইরে কোনো টিকেট বিক্রি হচ্ছে না—কর্তৃপক্ষ এজন্য সাধুবাদ পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রেল ভ্রমণ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সন্দেহ জাগে। ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যানার চোখে পড়লেও স্টেশনগুলোতে সেই চিত্র চোখে পড়ে না। পরিশেষে, নির্ধারিত আসনের বাইরে যাত্রী পরিবহন বন্ধসহ মাস্ক ছাড়া রেল ভ্রমণ নিষিদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ আশু উদ্যোগ নেবেন বলে আশা করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০