ইউটিউবে সুবীর নন্দীর ‘হঠাত্ ঘোমটা’

 

বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী। যাওয়ার আগে দেশের প্রতিথযশা কি-বোর্ডিস্ট রূপতনুর সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটির শিরোনাম হলো ‘হঠাত্ ঘোমটা’। গানটি লিখেছেন জামাল রেজা। এবারই প্রথম রূপতনুর সুর-সংগীতে সুবীর নন্দী গান গাইলেন। গানটির কথা হলো ‘হঠাত্ ঘোমটা পরে, নামল কেমন দেখ বৃষ্টি’। দীর্ঘ পঁচিশ বছর যাবত একজন কি-বোর্ডিস্ট হিসেবে পেশাগতভাবে কাজ করছেন রূপতনু। তবে একজন যন্ত্রশিল্পী হিসেবে দীর্ঘদিনের এই পথচলায় এবারই প্রথম রূপতনু কোনো গানের সুর-সংগীতায়োজনের কাজ করেছেন। নিজের জীবনের প্রথম গান সুবীর নন্দীকে দিয়েই গাওয়ানো প্রসঙ্গে রূপতনু বলেন, ‘যেহেতু আমার জীবনের প্রথম সুর-সংগীতের গান ‘হঠাত্ ঘোমটা’। তাই আমি মনে মনে চেয়েছিলাম এমনই একজন শিল্পীকে দিয়ে গানটি গাওয়াতে যিনি হবেন এদেশের একজন কিংবদন্তি শিল্পী। সুবীর নন্দী দাদা নিঃসন্দেহে এদেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তাই আমার স্বপ্ন ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর।’ গানটির রেকর্ডিং হওয়ার পর সুবীরনন্দী বলেছিলেন, ‘আমি একটি অসাধারণ কম্পোজিশনের গান গাইলাম। রূপতনু যে এত চমত্কার সুর-সংগীত করতে পারে তা আমার জানা ছিল না। সত্যিই একটি চমত্কার গান হয়েছে।’ রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেল ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিও এরইমধ্যে প্রকাশিত হয়েছে। রূপতনু জানান আগামী ফেব্রুয়ারিতে সুবীর নন্দীকে নিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে।